অমর একুশে বই মেলার সময় বিকেল ৪টা থেকে ৮টা করতে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজীর কাছে প্রস্তাব দিয়েছেন প্রকাশকরা। করোনা পরিস্থিতির অবনতির কারণে মেলার সময় কমিয়ে ৩টা থেকে সাড়ে ৬টা করার পরিপ্রেক্ষিতে তারা এই প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার (১ এপ্রিল) ডিজির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রকাশক প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, মহাপরিচালক তাদের জানিয়েছেন, উচ্চ পর্যায়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
বুধবার (৩১ মার্চ) সকালে বাংলা একাডেমির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (জনসংযোগ) অপরেশ কুমার ব্যানার্জি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অমর একুশে বই মেলা ২০২১-এর সময়সূচী পরিবর্তন করা হয়েছে। এখন থেকে বই মেলা শুরু হবে বিকাল ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
এরপরই প্রকাশকদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মহাপরিচালক সাক্ষাতের সময় দিতে পারেননি। পরবর্তীতে বৃহস্পতিবার সময় নির্ধারিত হয়।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক খন্দকার সোহেল বাংলা ট্রিবিউনকে বলেন, দুপুরের পরে আমাদের একটি প্রতিনিধিদল সাক্ষাত করতে যায়। করোনা পরিস্থিতিতে নেওয়া সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েই আমরা একটা বিকল্প প্রস্তাব দিয়েছি। আমরা চাই ৪টা থেকে ৮টা মেলা খোলা রাখা হোক। কেননা মানুষ কাজ শেষ করে সন্ধ্যার দিকে বই মেলায় বেশি আসে। উনি আমাদের কথা শুনেছেন। আগামীতে উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাবেন বলেও অবহিত করেছেন।









