রাজধানীর তুরাগ থানার ধওর বেড়িবাঁধ এলাকা থেকে ডিবি পরিচয়ে ডাকাতির সময় বিদেশি পিস্তলসহ গ্রেফতার মোস্তফা কামাল লিটনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার আদালত এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ নাথ। তিনি বলেন, আট সপ্তাহের জন্য লিটনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।
২০২০ সালের ৪ মার্চ ওই ঘটনায় ছয়জনকে গ্রেফতার করে র্যাব। এসময় অস্ত্র, ডিবি জ্যাকেট, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় একইদিন র্যাবের পক্ষ থেকে তুরাগ থানায় মামলা করা হয়।
ওই মামলায় গ্রেফতার মোস্তফা কামাল লিটন ২০২০ সালের ২৩ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান। সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।









