ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, ফেনী, শ্রীমঙ্গল, রাজশাহী, দিনাজপুর ও খেপুপাড়া অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবারও (১৪ এপ্রিল) এটি অব্যাহত থাকতে পারে। তবে সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘বুধবারও আজকের মতো আবহাওয়া থাকতে পারে। তাপপ্রবাহ বইবে। তবে সিলেটের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।’
আবহাওয়া অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটি, চুয়াডাঙ্গা ও কুমারখালিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় ৩৭, ময়মনসিংহে ৩৪ দশমিক ৭, চট্টগ্রামে ৩২ দশমিক ৯, সিলেটে ৩৩ দশমিক ৪, রাজশাহীতে ৩৬ দশমিক ৪, রংপুরে ৩৪, খুলনায় ৩৭, বরিশালে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।









