করোনা মোকাবিলায় সমুদ্র ও উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলে মানবিক সহায়তা দিয়েছে নৌবাহিনী। শনিবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম, সেন্টমার্টিন, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, খুলনা ও মোংলার প্রত্যন্ত এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এই মানবিক সহায়তা দেওয়া হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, করোনা মোকাবিলায় শুরু থেকেই নৌবাহিনী মানবিক সহায়তা দিয়ে আসছে। শনিবার চট্টগ্রাম, সেন্টমার্টিন, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, খুলনা ও মোংলার প্রত্যন্ত এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়। নৌবাহিনীর সদস্যরা শনিবার চট্টগ্রামের পোর্ট, বন্দর এলাকা ও সেন্টমার্টিন’র ৭০০ অসহায় জেলে ও দরিদ্র পরিবারের মধ্যে এই সহায়তা বিতরণ করে।
এছাড়া বাগেরহাটের মোংলার দিগরাজ বাজার, বানিয়াসান্তা ও মোংলা পৌর এলাকার অসহায় ও দরিদ্র ৪০০ পরিবার এবং পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাস্থ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পার্শ্ববর্তী এলাকার লালুয়া ইউনিয়নের অসহায় ও দরিদ্র ৩০০ পরিবারের মধ্যে খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী বিতরণ করেন।
নৌবাহিনী জাহাজ সালাম ও কর্ণফুলী বরিশাল ও পটুয়াখালীর দরিদ্র জেলেদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করছে। পাশাপাশি খুলনার লবণচরা, শিপইয়ার্ড ও হরিণটানা এলাকায় খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী দেওয়া হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী দেওয়া হয়।
করোনার কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নৌ-সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে।









