পুরান ঢাকার আরমানিটোলা হাজী মুসা ম্যানশনের কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় সাফায়েত (২৮) নামে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ইনস্টিটিউটে লাইফ সাপোর্ট ছিলেন। রবিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে আটটায় তিনি মারা যান বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।
এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা পাঁচ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে আইসিইউতে এখন চার জন রয়েছেন। বাকিরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন।
এর আগে মারা যাওয়া চার জন হলেন—ভবনের কেয়ারটেকার রাসেল মিয়া, ইডেন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার, হাজী ম্যানশনের সিকিউরিটি গার্ড ওলিউল্লাহ ব্যাপারী এবং তার আত্মীয় কবির।
গত শুক্রবার (২৩ এপ্রিল) ভোররাত ৩টা ১৮মিনিটের দিকে পুরান ঢাকার আরমানিটোলা হাজী মুসা ম্যানশনের কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ভবনের নিচতলায় আগুন লাগলে তার ধোঁয়ায় ভবনের দুই তলা থেকে ছয় তলার বাসিন্দারা আতঙ্কিত হয়ে ওঠেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বারান্দার গ্রিল কেটে সব ফ্লোরের লোকজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। শুক্রবার সকাল ৯টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১৫টি দল প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।









