স্বাস্থ্যবিধি পালন করে গণপরিবহন চালুর দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করায় শ্রমিকদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
রবিবার (২ মে) ফেডারেশনের সভাপতি শাজাহান খান, কার্যকরী সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সিনিয়র সহ-সভাপতি ছাদিকুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক ওসমান আলী এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।
ফেডারেশনের দফতর সম্পাদক বাদল চৌধুরী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, কার্যকরী সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সিনিয়র সহ-সভাপতি ছাদিকুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক ওসমান আলী এক বিবৃতি দিয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ও পণ্যপরিবহন চালুর দাবিতে আজ সারাদেশে ঢাকা মহানগর, সকল জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করায় তারা সড়ক পরিবহণ শ্রমিকদের আন্তরিক অভিনন্দন জানান।
এতে আরও বলা হয়, ঢাকা মহানগরে অবস্থিত বিভিন্ন ইউনিয়নের শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে বিশাল মিছিল সহকারে জয়কালী মন্দির, গোলাপশাহ মাজার, জিরোপয়েন্ট হয়ে ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ করেন। এছাড়াও সায়দাবাদ, মহাখালী, গাবতলী ও ফুলবাড়ীয়া বাস টার্মিনাল এবং গাবতলী, যাত্রাবাড়ী, দয়াগঞ্জ ও ধোলাইখালসহ বিভিন্ন ট্রাক টার্মিনালে ট্রাক শ্রমিকেরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে। সেই সঙ্গে পূর্ব ঘোষিত আগামী মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করার জন্য সারাদেশের সড়ক পরিবহন শ্রমিক ও সর্বস্তরের শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়।









