মুক্ত গণমাধ্যম দিবস আজ, পিছিয়েই যাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ০০:২২আপডেট : ০৩ মে ২০২১, ০১:৪০

আজ ৩ মে, ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ বা ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় এবছর আরও এক ধাপ পিছিয়েছে। গত ২০ এপ্রিল রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২১ সালের এই সূচক প্রকাশ করে। ২০১৯ সাল থেকে প্রতিবছর সেই সূচকে এক ধাপ করে পেছাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে যারা গণমাধ্যমের নেতৃত্ব দিচ্ছেন তারা বলছেন, এরপরও মুক্ত গণমাধ্যম সম্ভব। আমরা সাংবাদিকতার দায়িত্ব কাঁধে নিয়েছি। এটাকে চাকরি হিসেবে নেইনি। দায় আমাদের, সমাধানের দায়িত্বও আমাদের। অন্য কেউ সমাধান এনে দেবে না।

সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম। সূচকে সবার শীর্ষে রয়েছে নরওয়ে। ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫১তম। আর ২০১৯ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫০তম। অর্থাৎ, গতবারের সূচকেও বাংলাদেশের এক ধাপ অবনতি হয়েছিল।

এবারের সূচকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার নিচে। বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান (১৪৫), ভারত (১৪২), মিয়ানমার (১৪০), শ্রীলঙ্কা (১২৭), আফগানিস্তান (১২২), নেপাল (১০৬), মালদ্বীপ (৭৯), ভুটান (৬৫)। বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, তার ভিত্তিতে ২০০২ সাল থেকে আরএসএফ এই সূচক প্রকাশ করে আসছে।

সবমিলিয়ে কেমন চলছে গণমাধ্যম—এমন প্রশ্নে সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান বলেন, আপাতত জোড়াতালি দিয়েই চলবে। গত ২০ বছরে আমরা স্বার্থপর হয়ে গেছি। নিজেদের স্বার্থ অগ্রাধিকার দিতে গিয়ে ‘অন্য সবকিছুর’ সঙ্গে কম্প্রোমাইজ করি। সাংবাদিকতাও সেই  ‘অন্য সবকিছুর’ মধ্যে গিয়ে পড়েছে। কোথাও সৎ প্রচেষ্টা নেই। তবে তেমন প্রচেষ্টা না থাকলেও গণমাধ্যম চলতে থাকবে। এটাও গণমাধ্যমের সীমাবদ্ধতা। সংবাদপত্রের যে নিজস্ব চ্যালেঞ্জগুলো ছিল করোনা গত একবছরে বাড়তি চ্যালেঞ্জ যুক্ত করেছে। এ সময়টা কোনওরকমে টিকে থাকি, কবে পরিস্থিতি পরিবর্তন হয় জানি না।

মুক্ত গণমাধ্যম আসলে সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সুস্থ প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ যদি থাকে, অন্তত প্রথম সাতটি পত্রিকার সার্কুলেশন যদি কাছাকাছি রাখা যায় তাহলে একটা সম্ভাবনা তৈরি হবে। দেশের দুটো বড় সার্কুলেশনের পত্রিকা যদি কোনও স্টোরি না করে তাহলে সেটি ধোপে টেকে না বললেই চলে। আবার কিছু পত্রিকা কম সার্কুলেশনে, সরকারি বিজ্ঞাপনে টিকে থাকার কৌশল নিয়ে লাভ মুনাফা করবে বলে আসে। ব্যক্তিগতভাবে আমি মনে করি মুক্ত গণমাধ্যম সম্ভব। কিন্তু প্লুরালিটিটা থাকতে হবে। আমরা যেহেতু সাংবাদিকতার দায়িত্ব কাঁধে নিয়েছি, এটাকে চাকরি হিসেবে নিইনি, দায় আমাদেরই। সমাধানের দায়িত্বও আমাদের।

তিনি আরও বলেন, এতকিছুর পরেও এই দেশে অনেক মিডিয়াকে অনেক সময় নিরুৎসাহিত ও নিষ্ক্রিয় করে রাখা সম্ভব হলেও কোনও না কোনও সংবাদপত্র বা গণমাধ্যম প্রায় প্রতিটি অন্যায়-অনিয়ম উন্মোচন করে বলেই আমাদের অভিজ্ঞতায় দেখেছি। কখনও হয়তো ক্ষীণ বা মুষ্টিমেয় মিডিয়ায় সেটা প্রকাশ হয়, কিন্তু হয়।

বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলার প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, বাংলাদেশের গণমাধ্যম এখন নানামুখী চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে। প্রথমটা তার নিজের সঙ্গে- যা করতে চায়, সেটা পারছে না। চ্যালেঞ্জ  কনটেন্ট-এর। মানুষ যে কনটেন্ট চায়, সেটা মূলধারার গণমাধ্যম দিতে পারে না। চ্যালেঞ্জ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে—যেখানে বিজ্ঞাপন চলে যাচ্ছে।  বাংলাদেশের গণমাধ্যমে কোনও প্রাতিষ্ঠানিকতা নেই। সামন্ত সংস্কৃতির ব্যবস্থাপনা, যেখানে মালিকের স্বাধীনতাই বেশি। তাই সম্পাদকীয় প্রতিষ্ঠান গড়ে উঠেনি। পেশাদার সাংবাদিক তাই পেশা ছেড়ে দিচ্ছে। যারা আছে তারা কোণঠাসা।

‘মূলধারার গণমাধ্যমকে বাঁচতে হলে মানুষকে কনটেন্ট দিতে হবে।  নিজেদের পেশাগত ঐক্য ফিরিয়ে এনে মানুষের তথ্য চাহিদার বিপরীতে সরবরাহ লাইন চিন্তা করতে হবে’ বলেন তিনি। 

/ইউআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম