রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতি বিভাগের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ মে) দুপুরে র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে এই জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২০ মে) রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সদস্য সৈয়াবুর রহমান কাওসার (২১) কে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি নোয়াখালী।
র্যাব-২ জানায়, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক, উগ্রবাদী বিভিন্ন পোস্ট প্রচার করাসহ উগ্র ইসলামী জঙ্গিবাদী বই ও প্রচারপত্র নিজের দখলে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, পুস্তিকা, লিফলেট ও মোবাইল হতে প্রাপ্ত তথ্য মোতাবেক জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









