ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে আন্দোলনের পর গ্রেফতার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকরাম হোসেন, বিন ইয়ামিন মোল্লা ও আখতার হোসেন। তারা এখন কারাগারে রয়েছেন। এই শিক্ষার্থীদের কারাগারে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাদের অভিভাবকরা। রবিবার (১৩ জুন) দুপুর পৌনে ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাবি শাখার ব্যানারে তারা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিন ইয়ামিন মোল্লার পিতা মো. রফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘দোলনা থেকে কবর পর্যন্ত প্রতিটি মুহূর্তই শিক্ষা জীবন। আর বিশ্ববিদ্যালয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময়। এখানে প্রত্যেক শিক্ষার্থী’র রাজনীতি করার অধিকার রয়েছে। এটি সাংবিধানিক অধিকার। রাজনীতি করতে গিয়ে তারা এখন জেলে। কিন্তু জেল থেকে বিশ্ববিদ্যালয় জীবনের শেষ বর্ষের পরীক্ষা যদি দিতে না পারে, তবে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। উপাচার্য বরাবর আমাদের আবেদন, তিনি যেন তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীই মেধাবী। তারা জাতির ভবিষ্যৎ। দেশ ও জাতির কল্যাণে বিশ্ববিদ্যালয়ের বন্দি সব শিক্ষার্থীর মুক্তি দিন। শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন।’
তিনি উপাচার্যকে উদ্দেশ করে বলেন, ‘বন্দি ছাত্ররা আপনার সন্তান, আপনি তাদের অভিভাবক। তাদের প্রতি আপনার দায়িত্ব রয়েছে। আপনার দায়িত্বের জায়গা থেকে প্রয়োজনে জেলে থেকে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আকরাম হোসেনের পিতা মো. আলমগীর হোসেন ও বিন ইয়ামিন মোল্লা’র মাতা হাসিনা বেগম। সংবাদ সম্মেলন শেষে কারাবন্দি শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করার জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপি গ্রহণ শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এটি আদালত সম্পর্কিত বিষয়। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনও হাত নেই। আদালত অনুমতি দিলে আমরা পরীক্ষা নেবো।’









