সব মামলায় জামিন পাওয়ায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এমএ মান্নানের কারামুক্তিতে এখন আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। রবিবার মেয়র মান্নানের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া নাশকতার দুই মামলায় জামিন আদেশ বহাল রাখেন চেম্বার বিচারপতি।
মামলা দুটি গত বছরের ফেব্রুয়ারি মাসে দায়ের করা হয়। এর আগে আরও ১৯ মামলায় জামিনে থাকা মান্নান মোট ২১টি মামলায় জামিন পেলেন।
মান্নানের আইনজীবী সাংবাদিকদের বলেন, এখন সবকয়টি মামলায় জামিন আদেশ পাওয়ায় তার মুক্তি পেতে কোনও বাধা নেই। এসব আদেশ কারাগারে পৌঁছালেই তিনি বের হয়ে আসবেন বলেও আশা করেন তিনি।
মেয়র মান্নান বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। গাজীপুরের জয়দেবপুর থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সম্প্রতি হাইকোর্ট থেকে তিনি জামিন পান।
সেই জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
/ইউআই/এসএম/








