৪ মাস পর হাসপাতাল ছাড়লেন ৮০ বছরের রাবেয়া বেগম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ২১:৫৪আপডেট : ২৪ জুন ২০২১, ২২:১৮

চার মাস আগে করোনায় সংক্রমিত হয়েছিলেন ৮০ বছর বয়সী রাবেয়া বেগম। কুমিল্লার এই বৃদ্ধা আক্রান্ত হওয়ার পর শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েন। অবস্থা জটিল হতে শুরু করলে তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমকে সফল করে রাবেয়া বেগম আজ বৃহস্পতিবার (২৪ জুন) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, বাড়ি ফিরেছেন হাসিমুখে।

রাবেয়া বেগমের এই বাড়ি ফেরা তার চিকিৎসকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তার কিছুটা আভাস পাওয়া গেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। রাবেয়া বেগমকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানাচ্ছেন চিকিৎসকরা- এমন একটি ছবি পোস্ট করেছেন হাসপাতালটি রেজিস্ট্রার ডা. ফরহাদ হাছান চৌধুরী মারুফ। আর সেই পোস্টে রাবেয়া বেগমকে অভিনন্দনের পাশাপাশি তাকে চিকিৎসা দেওয়া পুরো চিকিৎসক টিমকে অভিনন্দন জানাচ্ছেন অনেকেই।

পোস্টের নিচে মুগদা জেনারেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবু সাঈদ শিমুল চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ফুলেল শুভেচ্ছা চিকিৎসকদেরও। ক্রিটিক্যাল এবং কমপ্লিকেটেড রোগীদের ক্ষেত্রে চিকিৎসকরাই অনেকে ক্ষেত্রে হাল ছেড়ে দেন, রোগীরা হন অবহেলার শিকার। সেক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন সবাই। অভিনন্দন সকলকে।’

‘এই নিউজগুলা কখনো মিডিয়ায় আসবে না’ মন্তব্য করে আরেক চিকিৎসক জাবেদ মিনহাজ সিদ্দিকী লিখেছেন, ‘অথচ এই একটি নিউজ অজস্র কোভিড রোগীকে আশার আলো দেখাতে পারতো’।

গত বছর ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত তিন রোগীর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। তার ঠিক ১০ দিন পর প্রথম রোগীর মৃত্যু হয়। প্রথম যে ব্যক্তি মারা যান তিনি ছিলেন ৭০ বছর বয়সী। দেশে মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ৮৬৮ জন। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি ষাটোর্ধ্ব। সাত হাজার ৮২০ জন ষাটোর্ধ্ব মানুষ করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বয়স্ক কিংবা ষাটোর্ধ্বরা সবসময়েই করোনাতে আক্রান্ত হলে তাদের মৃত্যু বেড়ে যায় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সে হিসাবে চারমাস হাসপাতালে চিকিৎসা নিয়ে রাবেয়া বেগমের বাড়ি ফেরা আশার আলো দেখায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রাবেয়া বেগম হাসপাতালে যখন ভর্তি হন তখন তার অক্সিজেনের মাত্রা ছিল ৫১ শতাংশ। ভর্তির পর থেকেই তার হাইফ্লো অক্সিজেনের দরকার হয়। হাসপাতালের ৮০২ নম্বর ওয়ার্ডে তাকে দুই মাসেরও বেশি সময় এই হাইফ্লো অক্সিজেনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রায় সাড়ে তিনমাস এই রোগীর বিভিন্ন মাত্রার অক্সিজেন প্রয়োজন হয় জানিয়ে সূত্রটি আরও জানায়, মারাত্মক কোভিড নিউমোনিয়ার পাশাপাশি তিনি হাসপাতালে ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হন এবং তার পুরা শরীরে সংক্রমণ ছড়িয়ে পারে।

চিকিৎসকরা একসময় তার বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিল বলে জানালেন খোদ ডা. ফরহাদ হাছান চৌধুরী। তিনি বলেন, ‘কিন্তু সব আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করে এবং ৮০২ নম্বর ওয়ার্ডের চিকিৎসক, নার্সসহ সব স্বাস্থ্যকর্মীদের পরিচর্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। আজ দীর্ঘ চার মাস পর নিজের বাড়ি ফিরছেন রাবেয়া বেগম।’

‘এটাতে অবশ্যই অনেক ভালো লাগার একটি বিষয় ঘটেছে আজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে’ মন্তব্য করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, দূরদূরান্ত থেকে রোগীরা অনেক জটিল অবস্থায় এই হাসপাতালে আসেন অনেক আশা নিয়ে। আর তারা যখন সুস্থ হয়ে বাড়ি যান- সেটা নিঃসন্দেহে ভালো লাগে।

রোগীরা সুস্থ যখন বাড়ি যাওয়ার সময় চিকিৎসকসহ অন্যদের দোয়া করে যান- সেটাই চিকিৎসকদের প্রশান্তি এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য এরচেয়ে বড় কিছু নেই বলেও মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

/জেএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী