লকডাউনে রাইড শেয়ারিং সেবা বন্ধ থাকলেও চালু আছে ফুড ডেলিভারি ও পার্সেল সার্ভিস। ফলে ঘরে বসেই রসনা বিলাসের জন্য বিভিন্ন রেস্টুরেন্টের খাবার অর্ডার করা যাচ্ছে। আবার জরুরি প্রয়োজনে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর পার্সেল সার্ভিসও নেওয়া যাচ্ছে।
পাঠাওয়ের পাঠাও ফুড, সহজের সহজ ফুড, ইফুড, ফুডপান্ডা, হাংরিনাকি ইত্যাদি প্রতিষ্ঠানগুলো তাদের ফুড ডেলিভারি চালু রেখেছে। উবারের উবার কানেক্ট, সহজ ও পাঠাওয়ের পার্সেল সার্ভিসও চালু আছে এসময়।
পাঠাওয়ের পরিচালক (বিপণন) সৈয়দা নাবিলা মাহবুব জানান, লকডাউনে ‘পাঠাও’-এর রাইড শেয়ারিং কার্যক্রম সীমিত সময়ের জন্য স্থগিত থাকবে। তবে এই সময়ে পাঠাও ডিজিটালের অন্যান্য ব্যবসায়িক সেবা কার্যক্রম চালু থাকবে।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ফুডপান্ডা জানিয়েছে, লকডাউন চলাকালে কম সময়ের মধ্যে গ্রাহকদের খাবার, মুদিপণ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে ফুডপান্ডা অনলাইন খাবার ডেলিভারি, পান্ডামার্ট গ্রোসারি সেবা, ফুডপান্ডা শপস থেকে মুদিপণ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ডেলিভারি সেবা চালু থাকবে।
এক বিজ্ঞপ্তিতে হাংরিনাকি জানিয়েছে, বেশি সংখ্যক ক্রেতার কাছে খাবার পৌঁছে দিতে অ্যাপভিত্তিক খাবার ডেলিভারি প্রতিষ্ঠান হাংরিনাকি দেশের আরও পাঁচটি এলাকায় তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে। এই সঙ্কটকালে সাভার, গাজীপুর, কেরানীগঞ্জ, টঙ্গী ও কুমিল্লায় তাদের সেবা সম্প্রসারণ করেছে।









