বৈশ্বিক মহামারি করোনা বিপর্যয়ের দ্বিতীয় পর্যায়ে দেশের সর্বত্র করোনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে করোনা প্রতিরোধে শক্তিশালী নাগরিক কমিটি গঠনের সরকারের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। সোমবার (১২) জুলাই সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে সালেহ আহমেদ বলেন, ‘আমরা মনে করি সরকার ও প্রশাসনের করোনা মোকাবেলায় যথেষ্ট আন্তরিকতার পরও সাধারণ জনগণের জীবন জীবিকার তীব্র সংকট কর্মহীনতা, বেকারত্ব, সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচির সফলতা পাওয়া যাচ্ছে না।’
বিবৃতিতে আরও বলা হয়, মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল আযহা অতি নিকটে হওয়ায় মানুষের মধ্যে নানান ধরণের টানাপোড়ন চলছে। এমতাবস্থায় লকডাউন শিথিল করা যেমন জরুরি হয়ে পড়েছে তেমনি- এই করোনা বিপর্যয়কে মোকাবেলার ক্ষেত্রেও জনসম্পৃক্ত ও সচেতনতামূলক কর্মসূচি জরুরি ভিত্তিতে গ্রহণ করা দরকার।









