ঢাকা নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ‘ঢাকা ফুড সিস্টেম’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় তারা কৃষকের বাজার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মিরপুরের ৬ নং ওয়ার্ডের রূপনগর আবাসিক এলাকার ট-ব্লকে কৃষকের বাজার কার্যক্রম চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) এই উপলক্ষে ‘কৃষকের বাজার এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা’ শীর্ষক মতবিনিময় সভায় আয়োজন করা হয়। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সিনিয়র প্রজেক্ট অফিসার জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর প্রকল্প কর্মকর্তা নাঈমা আকতার।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সার্বিক সহযোগিতায় মিরপুরের ৬ নং ওয়ার্ডের রূপনগর আবাসিক এলাকার ট-ব্লকে কৃষকের বাজারটি বসানো হয়েছে। তিন মাস পরীক্ষমূলক প্রকল্প বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট। প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে বিরুলিয়া থেকে ১০ জন কৃষক তার কৃষিপণ্য এনে বিক্রয় করেন। যারা কৃষি সম্প্রসারণ অধিদফতরে যাচাই করা নিরাপদ সবজি উৎপাদনকারী কৃষক।
নাঈমা আকতার তার উপস্থাপনায় জানান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ‘ঢাকা ফুড সিস্টেম’ প্রকল্পের আওতায় এই বাজার কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ন্যাশনাল প্রোজেক্ট কো-অর্ডিনেটর জয়নাল আবেদীন বলেন, আমাদের প্রত্যাশা ঢাকা মেট্রোপলিটন এলাকায় জনগণের খাদ্যের যোগান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এ বাজারের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাসটেইনেবেল এগ্রিকালচার স্পেশালিস্ট জাহাঙ্গীর আলম বলেন, কৃষকের বাজারের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত হবে এবং মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ থাকবে না।
আলোচনা সভায় আরও অংশ নেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার নুসরাত আনোয়ার, সিটি কো-অর্ডিনেটর নজরুল ইসলাম, আনোয়ারুল ইসলামসহ অন্যরা।









