বন্ধুর সঙ্গে বিরোধ তৈরি হবার পর পুলিশের আশ্রয় নিয়েছে এক যুবক। পরে পুলিশের মধ্যস্থতায় বন্ধুত্ব ফিরে পেয়েছে তারা। ঘটনাটি সিলেট জেলার বালাগঞ্জ থানার মুসলিমাবাদ গ্রামের।
পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের বালাগঞ্জের মুসলিমাবাদ গ্রামের এক যুবক পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, একই গ্রামের বাসিন্দা তার এক বন্ধুর সঙ্গে সম্প্রতি তার শত্রুতা তৈরি হয়েছে। কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে এই শত্রুতা তৈরি হয়। তিনি আশঙ্কায় আছেন, তার সেই বন্ধু ও তার পক্ষের লোকজন যে কোনও মুহূর্তে তার ওপর আক্রমণ করতে পারে। এই মানসিক অবস্থা থেকে পরিত্রাণ চান তিনি। তবে, তিনি তার বন্ধুর বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক অভিযোগ করতে চান না।
এ বিষয়ে সিলেট জেলার বালাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হাসানকে নির্দেশনা দিয়ে সমস্যা সমাধানে উদ্যোগ নিতে বললে, তিনি উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তিনি খেয়াল করেন, উভয়ের মধ্যে তুচ্ছ কিছু বিষয়কে কেন্দ্র করে মারাত্মক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। যা তাদের মধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সম্পর্ক তৈরি করেছে। ওসি বালাগঞ্জের হস্তক্ষেপে এবং মধ্যস্থতায় উভয়েই তাদের মধ্যকার ভুল বুঝতে পেরেছেন এবং পুনরায় বন্ধু হিসেবে একে অপরের পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।









