শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মো. এহছানে এলাহী। মঙ্গলবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে দেখা করে যোগদানপত্র জমা দেন তিনি। প্রতিমন্ত্রী নতুন সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. রেজাউল হক, সাকিউন নাহার বেগম, জেবুন্নেছা করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল মো. এহছানে এলাহীকে সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়।
মঙ্গলবার (১৭ আগস্ট) শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন সিনিয়র তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রম মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে এহছানে এলাহী ভূমি সংস্কার বোর্ড এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
কর্মজীবনে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি গাইবান্ধা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস (প্রশাসন) ১০ম ব্যাচের কর্মকর্তা।









