‘মেয়েরা পালিয়ে বিয়ে করায় বাল্যবিবাহ বাড়ছে’-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির এমন মন্তব্যে উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তারা বলেছে, এ মন্তব্য প্রত্যাহার করতে হবে। শনিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ ও প্রত্যাহারের দাবি জানায় সংস্থাটি।
আসকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অল্প বয়সের মেয়েরা প্রেম করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করায় বাল্যবিয়ে বেড়ে যাচ্ছে বলে মনে করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গত বুধবার (২৫ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ মন্তব্য করেন কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ বিষয়ে উদ্বেগ জানিয়ে বলছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি থেকে এমন মন্তব্য অন্যান্য অনেকের মত আসককেও হতাশ করেছে।
আসক মনে করে, এভাবে মেয়ে শিশুদের দোষারোপ করা গ্রহণযোগ্য নয়। বাল্যবিবাহ বন্ধে অভিভাবক, পরিবার, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিসহ সকলের দায়বদ্ধতা রয়েছে। কমিটি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর জোর না দিয়ে এভাবে শুধু মেয়েদের দায়ী করা কাম্য নয়। এ ধরনের মন্তব্য সমাজে বাল্যবিয়ের জন্য মেয়ে শিশুদের দায়ী করার প্রবণতা বা ভিকটিম ব্লেমিং-এর সুযোগ তৈরি করবে। মূলত একটি পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান এবং নিরাপত্তাহীনতাসহ নানা কারণে অধিকাংশ সময়ে মেয়ে শিশুদের ইচ্ছার বিরুদ্ধে তাদের বাল্যবিবাহ দেওয়া হয়। তাছাড়া করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বাল্যবিয়ে বেড়েছে। এই পরিস্থিতিতে যেখানে মেয়েশিশু এক ধরণের নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, সেখানে আবার মেয়েদেরই দোষারোপ করা অত্যন্ত দুঃখজনক।
আসক কমিটির সভাপতি মেহের আফরোজের এই মন্তব্য প্রত্যাহার করার আহ্বান জানায়।









