শিশু সংবেদনশীল নগর গড়ে তুলতে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-বিআইপি ও সেভ দ্য চিলড্রেনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) রাজধানীর হোটেল লেকশোরে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিআইপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একটি শিশুবান্ধব শহরে একটি শাসনব্যবস্থা থাকতে হবে যা শিশুদের অধিকার পূরণের জন্য এবং তাদের বসবাস উপযোগী নগর প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। যেই নগরে শিশুদের খেলার জন্য যথাযথ ব্যবস্থা থাকে না এবং সবুজের ছোঁয়া থাকে না, সেটি শিশুদের বাসযোগ্য শহর হতে পারে না। বাংলাদেশের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে শিশুদের বসবাস উপযোগী নগর কেমন হবে তা পরিকল্পনার সঠিক চর্চার মাধ্যমে নিশ্চিত করতে হবে।
এতে আরও বলা হয়, সেই লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এবং সেভ দ্য চিলড্রেন স্থানীয় এবং জাতীয় নগর পরিকল্পনার নীতি ও উদ্যোগে শিশুদের অধিকারের প্রচার ও সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করবেন এবং শিশুবান্ধব শহরগুলো গড়ে তোলার জন্য শিশুদের অগ্রাধিকার এবং চাহিদাগুলো শোনা এবং সমাধান করা নিশ্চিত করবেন। এছাড়াও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে শিশুবান্ধব নগরী গড়ে তোলার কার্যপদ্ধতি তৈরি করবে এবং পরিকল্পনাবিদদের সাথে অন্যান্য পেশাজীবি, নীতিনির্ধারক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সিটি মেয়র, সচিব এবং প্রশাসনিক ক্যাডারসহ সকলের জন্য শিশুবান্ধব পরিকল্পনার মানদণ্ড সম্পর্কিত প্রশিক্ষণ ও আলোচনা কর্মশালার আয়োজন করা হবে।








