বগুড়ায় প্রধান শিক্ষক মামুনুর রশিদের ওপর সন্ত্রাসী হামলা এবং তার একমাত্র ছেলে হাফেজ রাকিবুল হাসান হৃদয়কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)। সোমবার (৩০ আগস্ট) প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয় সংগঠনের পক্ষে।
এর আগে গত ২৮ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সীমিত পরিসরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ জুলাই প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদকে বগুড়ার কৈপাড়া পুকুরপাড় তার নিজ বাড়ির নিচতলায় হৃদয় ভ্যারাইটি স্টোরে তার ছেলে হৃদয়ের নিকট চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় স্থানীয় কয়েক যুবক ধারালো অস্ত্র দিয়ে বুকের নিচে আঘাত করে গুরুতর জখম করে। ছেলের চিৎকারে বাবা (মামুনুর রশিদ) এগিয়ে আসলে তাকেও ধারালো অস্ত্র দ্বারা গুরুতর জখম করে। পরে চিকিৎসারত অবস্থায় ছেলে রাকিবুল হাসান হৃদয় গত ২১ জুলাই মরারা যান। পরদিন ২২ জুলাই বগুড়া থানায় প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদের স্ত্রী আয়েশা সিদ্দিকা একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামিরা গ্রেফতার না হওয়ায় প্রধান শিক্ষক মামুনুর রশিদের পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন যাপন করছেন।
বাশিসের কেন্দ্রীয় সভাপতি মো. নজরুল ইসলাম রনি বলেন, ‘সন্ত্রাসী ও খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আগামী দিনে বগুড়া জেলায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।’









