এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে নারীর ক্ষমতায়নে সর্বস্তরে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ ৮ দফা দাবি জানিয়েছে নারী ভাইস চেয়ারম্যানরা। বুধবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ভাইস চেয়ারম্যানদের মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে ভালুকা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও সুশাসনের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘এসডিজি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সক্রিয় অংশ গ্রহণের লক্ষ্যে উপজেলায় নারী ভাইস চেয়ারম্যানরা অনেক উৎসাহ নিয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু বাস্তবতা হলো— উপজেলার উন্নয়নে তাদের কোনও প্রত্যক্ষ ভূমিকা নেই। তাই তারা ৮ দফা দাবি নিয়ে উপস্থিত হয়েছেন।’
নারী ভাইস চেয়ারম্যানদের দাবিগুলোর মধ্যে রয়েছে— উপজেলা পরিষদে নারী ভাইস চেয়ারম্যানদের প্রশাসনিক উন্নয়ন কার্যক্রমে স্বাক্ষরায়ন ক্ষমতা বাস্তবায়ন করা। উন্নয়ন ফোরামের ৩ শতাংশ বরাদ্দ নারী ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে কার্যকর করা, উপজেলা পরিষদের উন্নয়ন বাজেটের ২৫ শতাংশ নারী উন্নয়ন খাতে নারী ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে বাস্তবায়ন করা, মহিলা অধিদফতরের উপজেলা পর্যায়ে সব ধরনের উন্নয়ন কার্যক্রমে নারী ভাইস চেয়ারম্যানদের সম্পৃক্ত করা, গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য ব্যাপক প্রশিক্ষণ ও উপজেলা পর্যায়ে নারী ভাইস চেয়ারম্যানদের এ বিষয়ে দায়িত্ব প্রদান করা, প্রান্তিক জনগণ ও প্রশাসন পর্যায়ে নারীদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য নারী ভাইস চেয়ারম্যানদের পরিবহন ব্যবস্থা করা, প্রত্যেক উপজেলায় নারী ভাইস চেয়ারম্যানদের উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য সংশ্লিষ্ট এলাকায় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের দায়িত্ব প্রদান করা।
মানববন্ধনে বক্তব্য রাখেন— চিরিরবন্দর (দিনাজপুর) উপজেলার নারী ভাইস চেয়ারম্যান লায়লা বানু, ফুলবাড়ীর (দিনাজপুর) ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, পার্বতীপুর (দিনাজপুর) এর রুকশানা বারী রুকু, দেবীগঞ্জ (পঞ্চগড়) এর রিতু আকার, পঞ্চগড় সদরের নীলুফার ইয়াসমিন, ফুলপুর (ময়মনসিংহ) এর রোকিয়া পারভীন লাকি, তারাকান্দা (ময়মনসিংহ) এর সালমা আক্তার কাকন, গৌরীপুর (ময়মনসিংহ) এর সালমা আক্তার রুবি, কামারখন্দ (সিরাজগঞ্জ) এর স্বপ্না খাতুন, নীলফামারী সদরের শান্তনা চক্রবর্তী প্রমুখ।









