শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন (ডাইফ) অধিদফতরের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) গাজীপুরের সারাহ রিসোর্টে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও এর সহযোগিতায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর আয়োজিত ‘ট্রেনিং অব ট্রেইনার্স অন জেন্ডার ইকুয়ালিটি: হ্যারাজমেন্ট অ্যান্ড ভায়ওলেন্স এগেনস্ট ওমেন অ্যান্ড মেন ইন দ্য ওয়ার্ল্ড অব ওয়ার্ক’ শিরোনামে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহসানে এলাহী।
কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম সচিব বলেন, ‘কর্মস্থলে শোভন কর্মপরিবেশ সবার কাম্য। কর্মস্থলের সুন্দর পরিবেশ কারখানার উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলে। কলকারখানায় শোভন কর্মপরিবেশ নিশ্চিতে প্রশিক্ষিত পরিদর্শক তৈরির বিকল্প নেই। দক্ষ পরিদর্শক তৈরির জন্য প্রথম ধাপ হচ্ছে পর্যাপ্ত মাস্টার ট্রেইনার তৈরি করা। মাস্টার ট্রেইনার তৈরিতে এ নিবিড় প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকে যেসব কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করছেন তারাই এ অধিদফতরের শ্রম পরিদর্শন কাজের সঙ্গে সংশ্লিষ্ট সহকারী মহাপরিদর্শক ও পরিদর্শকদের দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইএলও’র প্রোগ্রাম অফিসার সাম্মিন সুলতানা বক্তৃতা করেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক (সেইফটি) কামরুল হাসান।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ৩০ জন সহকারী মহাপরিদর্শক এবং শ্রম পরিদর্শক অংশ গ্রহণ করছেন। আগামীকাল (৪ সেপ্টেম্বর) এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।









