নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী রুমা আক্তার ও তার শিশুসন্তান রিসাদকে নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শুক্রবাদে নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়।
রুমার পিতা মো. আমির হামজা জানান, তার সন্তান ও নাতির হত্যায় পরিবার পুরোপুরি ভেঙে পড়ে। তিনি বলেন, ‘এভাবে আর কোনও পিতা তার মেয়ে ও নাতিকে যেন না হারায়।’ এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ নজরদারি ও কঠোর হস্তক্ষেপের দাবি জানান তিনি। ভিকটিমের ভাই ও বোন এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। রুমার সহপাঠীরাও আইন ও বিচার বিভাগের মাধ্যমে দ্রুত এই হত্যাকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধনে নিউ মডেল ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য সাধু বাঙালি বলেন, ‘ভিকটিম রুমা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। তার হত্যার নিন্দা এবং এ জঘন্য হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।’
কলেজের অধ্যক্ষ মো. আজহারুল ইসলাম হত্যাকারীকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
ইংরেজি বিভাগের প্রধান বদরুজ্জামান এ হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন ও তার পরিবারের ন্যায্য বিচারের দাবি জানান।
কলেজের শিক্ষার্থী অনুপম রায় রূপক বলেন, ‘সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার ফলে বর্তমানে বাংলাদেশের নারী নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। আমরা দেখেছি কাঁটাতারে ফেলানি, মুনিয়াসহ অনেক ধর্ষণ ও হত্যার বিচার আটকে আছে।’ তিনি সঠিক তদন্ত ও পক্ষপাতহীন বিচারের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।









