বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্টের আওতাধীন ৩ বিএনসিসি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সাভারের বিএনসিসি প্রশিক্ষণ একাডেমিতে আমিই বঙ্গবন্ধু শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।
সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর দফতর রমনা রেজিমেন্টের আওতাধীন ৩ বিএনসিসি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর বিএনসিসি ক্যাডেট নির্মিত আমিই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু রূপে বঙ্গবন্ধুকে জানো শীর্ষক অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানের শুরুতেই রমনা রেজিমেন্টের ক্যাডেটদের সমন্বয়ে গঠিত চৌকস ক্যাডেটরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াকে গার্ড অব অনার প্রদান করে। এসময় অনুষ্ঠানের সাথে জড়িত বিএনসিসি’র সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেনেন্ট কর্নেল রাহাত নেওয়াজ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।









