২০১৬ থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত সারাদেশের থানাগুলোতে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুল সালাম হলে ‘কন্যাশিশু পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন-২০২১’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।
সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য তুলে ধরে সংগঠনটির সম্পাদক নাছিমা আক্তার জলি জানান, এই ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণ মামলার মধ্যে ২০১৬ সালে ৪ হাজার ৩৩১টি, ২০১৭ সালে ৪ হাজার ৬৮৩টি, ২০১৮ সালে ৪ হাজার ৬৯৫টি, ২০১৯ সালে ৬ হাজার ৭৬৬টি এবং ২০২০ সালের অক্টোবর পর্যন্ত ৬ হাজার ২২০টি মামলা দায়ের করা হয়। প্রতিবছর এই মামলার পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে।
একটি সুস্থ-সুন্দর সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার জন্য কন্যাশিশুর অধিকার, তাদের শিক্ষা, সুস্বাস্থ্য নিশ্চিতকরণসহ নিরাপদ পরিবেশ গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।
লিখিত প্রতিবেদনে নাসিমা আক্তার জলি জানান, কন্যাশিশুর প্রতি বিভিন্ন মাত্রায় যে ধরনের নির্যাতন দেখা যায় তা হলো: যৌন হয়রানি ও নির্যাতন; এসিড আক্রমণ; অপহরণ ও পাচার; বাল্যবিবাহ; যৌতুক; ধর্ষণ; গৃহ শিশু শ্রমিক নির্যাতন; শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক কন্যাশিশু নির্যাতন; আত্মহত্যা; হত্যা এবং পরিত্যক্ত কন্যাশিশু।
অনুষ্ঠানে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার সঞ্চালকের বক্তব্যে বলেন, ‘রাজনৈতিক নানা কারণে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা আমাদের দেশে এক নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের সব ক্ষেত্রেই দলীয়করণ হয়ে গেছে। এটার মাশুল আমরা দিচ্ছি। এখান থেকে বেরিয়ে আসতে হবে।’









