নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও খাদ্যে ভেজাল প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বৃহস্পতিবার ( ৭ অক্টোবর) বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের মানববন্ধন করে সংগঠনটি।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে যা জনগণের স্বার্থ পরিপন্থী। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রের আরেকটি বড় সমস্যা হচ্ছে, প্রতিটি খাদ্যে ভেজাল প্রদান করা হচ্ছে। দুর্নীতিবাজরা দেশ ও জাতির শত্রু। খাদ্য ভেজাল প্রদানকারীরা দুর্নীতিবাজদের চেয়েও ভয়ংকর। এদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা বলেন, অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করার জন্য মনিটরিং সেল কঠোরভাবে জোরদার করতে হবে। খাদ্য মানুষের মৌলিক চাহিদা। খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং খাদ্যে ভেজাল প্রদানকারীদেরকে কঠোর শাস্তি দেওয়া সরকারের নৈতিক দায়িত্ব।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ভাস্কর শিল্পী রাশা, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহীন মাতবর, রোমান হোসাইনসহ আরও অনেকে।









