একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় দায়ের করা মালায় গ্রেফতার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন দাসের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সবুজবাগ সম্মিলিত আলেম সমাজ। মঙ্গলবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে খাদেমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মুফতি মাওলানা আফজাল হোসেন বলেন, ‘সবুজবাগ থানার সর্বস্তরের মানুষ বিশ্বাস করে, সমাজসেবা ও মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ চিত্ত রঞ্জন দাসের রাজনৈতিক ও সামাজিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি, এর মাধ্যমে এই এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন নষ্ট করার পাঁয়তারা চলছে। চিত্তরঞ্জন দাস অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই অঞ্চলের আলেম সমাজের জন্য তিনি বহু অবদান রেখেছেন।’
মানববন্ধনে উপস্থিতি বক্তারা চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সবুজবাগের বিভিন্ন আলেম ও এলাকাবাসী।









