দেশের প্রখ্যাত শিল্পী এস এম সুলতানের শিল্পকর্ম সংরক্ষণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পে অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস। মঙ্গলবার (২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ওই সংস্কৃতি সংরক্ষণ প্রকল্প উদ্বোধন করেন।
দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ বছরের এই উদ্যোগে যুক্তরাষ্ট্র সরকারের মর্যাদাপূর্ণ অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) থেকে অর্থায়ন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অন্যতম বিখ্যাত শিল্পী সুলতানের শিল্পকর্ম নিয়ে গবেষণা, বিশ্লেষণের পাশাপাশি তার চিত্রকর্মগুলো পুনরুদ্ধার করা হবে।
রাষ্ট্রদূত মিলার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের ঘোষণা দেওয়ার জন্য বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীর হাতে ঘোষণা ফলক তুলে দেন। তিনি বেঙ্গল গ্যালারিতে চলমান সুলতানের কয়েকটি বিখ্যাত শিল্পকর্মের প্রদর্শনী ঘুরে দেখেন।
গত ২০ বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার সংরক্ষণ ও পুনরুদ্ধারমূলক ১২টি এএফসিপি প্রকল্পে ৮.৭০ লাখ ডলার এরও বেশি আর্থিক সহায়তা দিয়েছে।
এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে লালবাগ দুর্গে অবস্থিত ১৭শতকে নির্মিত মোঘল হাম্মামখানা সংস্কার ও পুনরুদ্ধার; বরেন্দ্র গবেষণা জাদুঘরের সংগ্রহকে সমৃদ্ধ করা ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা; এবং বাউল গান ও সাংস্কৃতিক ঐতিহ্য, জামদানি বুনন পদ্ধতি এবং ২০০০ বছরের পুরনো ধাতব ঢালাই কৌশলের ওপর তথ্যচিত্র তৈরি ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ।









