দীর্ঘদিন মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ থাকার পর আবারও তা চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশি শ্রমিক নিয়োগে শিগগিরই ঢাকার সঙ্গে চুক্তি সইয়ের অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। শুক্রবার (১০ ডিসেম্বর) দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান জানিয়েছেন, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্বারক সইয়ের পরপরই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ শুরু হবে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানান, এ মাসেই হতে পারে সমঝোতা চুক্তি।
মন্ত্রী ইমরান আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মালয়েশিয়ার মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এটা স্বস্তির খবর। তবে আমাদের এখনও অফিসিয়ালি জানানো হয়নি। অনেক বছর পর হলেও একটা পজিটিভ সিদ্ধান্ত হয়েছে। বাকিটা লিখিত পাওয়ার পর বুঝতে পারবো। আমি আশা করছি, এই মাসেই (ডিসেম্বর) সমঝোতা চুক্তি সই হতে পারে। আমাদের কাছে লিখিত আসার পর আমরা সিদ্ধান্ত নেবো।’









