খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে তার উন্নত চিকিৎসা গ্রহণের অনুমতি প্রদানের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। সোমবার(১৩ ডিসেম্বর) সকাল পৌনে বারোটায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, দীর্ঘদিন ধরে খালেদার জিয়ার মুক্তির জন্য সরকারের কাছে আপিল করা হচ্ছে কিন্তু সরকার নমনীয় হচ্ছেন না। তাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল আজে এখানে দাঁড়িয়েছে। আমরা আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে,খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার সুচিকিৎসার পথ সুগম করবে।
সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড. মো. মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান, সাবেক আহ্বায়ক আখতার হোসেন খান, ফিন্যান্স ডিপার্টমেন্টের শিক্ষক জাহাঙ্গীর আলম, ফার্মেসি অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. আবদুর রশীদ প্রমুখ।









