জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইরাকের চার্জ ডি অ্যাফেয়ার্স আব্দুল সালাম সাদ্দাম মুহাইছেন। সোমবার (১৩ ডিসেম্বর) স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা ইরাক-বাংলাদেশ সুদীর্ঘ দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যের প্রসার, দুদেশের সংসদীয় কার্যক্রম সম্পর্কে মতবিনিময় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, ইরাক বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। এ বন্ধুত্বের ভিত্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করে গেছেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ জুলাই ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দেয়। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে ইরাকের সঙ্গে বন্ধুত্বের গুরুত্বের বিষয়টি বঙ্গবন্ধু যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন।
ইরাকের চার্জ ডি অ্যাফেয়ার্স আব্দুল সালাম সাদ্দাম মুহাইছেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের জন্মের পর থেকেই ইরাক বন্ধুপ্রতীম দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইরাকের প্রেসিডেন্ট আহমেদ হাসান আল বকরের আমন্ত্রণে ১৯৭৪ সালে ইরাক সফর করেন, যা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করেছিল।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









