এমআইএসটি-এর উন্নয়নের অংশ হিসেবে নির্মিত হবে বঙ্গবন্ধু চেয়ার ও শেখ রাসেল কর্নার। রবিবার (১৯ ডিসেম্বর) ঢাকা মিরপুর সেনানিবাসে এমআইএসটি-এর নিজস্ব কমপ্লেক্স ভবনের কাউন্সিল অব এমআইএসটির একুশতম সভায় এসব সিদ্ধান্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমআইএসটির উন্নয়নে ‘বঙ্গবন্ধু চেয়ার’ ও ‘শেখ রাসেল কর্নার’ স্থাপন, ফুল টাইম মাস্টার্স ও পিএইচডি ছাত্র-ছাত্রীদের তালিকাভুক্তি, অসামরিক ফ্যাকাল্টির উচ্চতর শিক্ষা, এমআইএসটির অধীনে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিইডব্লিউএম), সেন্টার ফর অ্যাডভান্স কম্পিউটিং অ্যান্ড রিসার্চ (সিএসিআর), সেন্টার ফর রোবোটিক অ্যান্ড অটোমেশন (সিআরএ) চালুসহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামানসহ আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ভাইস চ্যান্সেলর বিইউপি, সহকারী নৌবাহিনী প্রধান, সহকারী বিমান বাহিনী প্রধান, ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিরা।









