ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, প্রতিটি তরুণই সম্ভাবনাময়, প্রতিটি তরুণই চেইঞ্জ মেকার। তরুণরা রুখে দাঁড়ালেই সমাজ থেকে সকল অন্যায় ও অবিচার উঠে যাবে। তাই দেশ ও দশের কল্যাণে সামাজিক আন্দোলনে তরুণদেরকেই নেতৃত্ব দিতে হবে।
শনিবার (১ জানুয়ারি) বিকালে রাজধানীর বনানী বিটিসিএল মাঠে বিডি ক্লিন আয়োজিত ‘সেভ আর্থ, সেভ বাংলাদেশ’ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র একথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিবেশ দূষণরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিডি ক্লিন সদস্যরা সারাদেশের রাস্তাঘাট থেকে সংগৃহীত পরিবেশ দূষণকারী ৫ কোটি পরিত্যক্ত সিগারেট ফিল্টার এবং ৩০ লক্ষ প্লাস্টিক বোতল দ্বারা যে অভিনব প্রদর্শনীর আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবীদার।
ডিএনসিসি মেয়র বলেন, নিজেদের সুস্থতার জন্যই ধূমপানকে নিরুৎসাহিত করতে তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি করতে হবে। প্রয়োজনের তাগিদে ব্যবহৃত প্লাস্টিকজাত পণ্য ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেওয়ার কারণে তা পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতারও কারণ হয়ে দাঁড়ায়, তাই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেই প্লাস্টিকজাত পণ্যের রিসাইক্লিং নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নাহিদ ইজাহার খান এবং ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মো. নাসির এবং বিডি ক্লিন এর প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন।








