বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। একইসঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্যে আগামী ১৬ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন শুনানি নিয়ে সোমবার (১০ জানুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
আদালতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার কারিশমা জাহান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ।
এর আগে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি আইডিআর’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার মাসিক সম্মানী ধরা হয় ৪ লাখ টাকা।
পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে কর্তৃপক্ষ রিট দায়ের করে। সেই রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গত ৬ জানুয়ারি ওই প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে রায় দেওয়া হয়। বিচারপতি খসরুজ্জামান এবং বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়।









