ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির পায়রা চত্বরে কাওয়ালি গানের আসরে হামলার প্রতিবাদে মিছিল করেছে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন। শিক্ষার্থীরা এর নাম দিয়েছেন কাওয়ালি মিছিল। বুধবার (১২ জানুয়ারি) ওই হামালা করা হয়।
বৃহস্পতিবারের (১৩ জানুয়ারি) এই মিছিলে ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার নেতারাও যোগ দেন। দুপুর ১টায় টিএসসি থেকে মিছিল নিয়ে রোকেয়া হল ও কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে প্রক্টর অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতারা।
এ সময় ছাত্র ইউনিয়নের ফাহিম শিহাব রেওয়াজ ছাত্রলীগকে ইতিহাস ভালোভাবে পড়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ইতিহাসে দেখতে পাই বঙ্গবন্ধুও কাওয়ালিপ্রেমী ছিলেন। বাংলাদেশের মানুষের আন্দোলন কোনও ভাষা বা সংস্কৃতির বিরুদ্ধে ছিল না, ছিল শোষণের বিরুদ্ধে।’
তিনি বলেন, ‘আমরা ধর্মনিরপেক্ষতার পাশাপাশি সব ধর্মের মূল কথা, যা অসাম্প্রদায়িকতার বার্তা দেয়, তার সঙ্গে সংহতি জানাবো।’
এদিকে এই হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন আজ বিকাল ৪টায় রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি গোলাম মোস্তফা। সন্ধ্যা ছয়টা টিএসসিতে আবারও কাওয়ালি ও প্রতিবাদী গানের আয়োজন করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি ব্যান্ড সিলসিলা।









