রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান জনি পারভীনকে অপসারণের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। ওই শিক্ষকের দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৩১ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
পরে জ্যোতির্ময় বড়ুয়া জানান, গত ২৩ জানুয়ারি জনি পারভীনকে অর্থনীতির বিভাগীয় প্রধানের পদ থেকে অপসারণ করা হয়। পরে সে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট দায়ের করেন।
ওই রিটের শুনানি নিয়ে তাকে অপসারণের আদেশ এবং শরিফুল ইসলামকে উক্ত বিভাগের প্রধান পদে নিয়োগ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে গত ২৩ জানুয়ারি অপসারণের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন।
পাশাপাশি হাইকোর্ট জনি পারভীনকে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনে কোনও প্রকার বাধা প্রদান না করার জন্য নির্দেশ দিয়েছেন।









