গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষে চলতি দায়িত্বে থাকা কর্মকর্তাদের বদলি করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরের স্থলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বন সংরক্ষক (চলতি দায়িত্ব) মোল্যা রেজাউল করিমকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
পরিবেশ মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, প্রজ্ঞাপন অনুযায়ী বন অধিদফতরে মাধ্যমে বাস্তবায়নাধীন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর এর অ্যাপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পে নতুন প্রকল্প পরিচালককে দায়িত্ব দেওয়া হয়।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তকরণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন নির্দেশে এর আগে গত ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করে ঢাকা বন অধিদফতরে সংযুক্ত করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়।









