মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন বিধানে নিকাহ রেজিস্ট্রারের (কাজি) উত্তরাধিকারী হিসেবে কন্যা সন্তানকে অন্তর্ভুক্ত না করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আইনজীবী ব্যারিস্টার শারমিন আক্তার। তিনি বলেন, ‘গত ৩১ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।’
রিট আবেদনে কাজি নিয়োগের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের সমান সুযোগ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।
রিট আবেদনে বলা হয়, ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন বিধানে ২০১৩ সালের সংশোধনীতে বলা আছে, যদি কোনও নিকাহ রেজিস্ট্রার মারা যান, সেই পদে নিয়োগের ক্ষেত্রে তার ছেলে সন্তান অগ্রাধিকার পাবে। ওই বিধানে তার কন্যার যদি কাজীর হওয়ার সব যোগ্যতা থাকে, তবুও তার নিয়োগের সুযোগ রাখা হয়নি। তাই এই বিধানে লিঙ্গ বৈষম্য করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিট আবেদনে বিবাদী করা হয়েছে।









