উপমহাদেশের প্রখ্যাত ও কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের (৯২) মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনীতিকরা।
রবিবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো পৃথক-পৃথক শোকবাণীতে রাজনীতিকরা শোক ও সমবেদনা জানান।
লতা মঙ্গেশকরের (৯২) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘উপমহাদেশের প্রতিভাবান ও খ্যাতনামা সংগীত শিল্পীদের মধ্যে লতা মঙ্গেশকর ছিলেন শীর্ষস্থানীয়। তার সুরেলা কণ্ঠ কয়েক দশক ধরে সংগীতপ্রেমী মানুষদের বিমোহিত করেছে। এই কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী ছিলেন অনন্য অতুলনীয়।’
লতা ছিলেন সংগীত জগতে একজন মহিরুহ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন,‘ বহু হৃদয়কাড়া গানের এই শিল্পীর পৃথিবী থেকে প্রস্থান গভীর বেদনার। তার মৃত্যুতে ভারতসহ এই উপমহাদেশ হারালো অসাধারণ একজন গুনী শিল্পীকে, যার অভাব সহজে পূরণ হবার নয়। সংগীত শিল্পী হিসেবে লতা মঙ্গেশকরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি বলেছেন, ‘জননন্দিত গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতীয় উপমহাদেশের সংগীত জগত থেকে এক উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়লো।’
যৌথ এক শোকবাণীতে বি. চৌধুরী ও মেজর (অব.) আবদুল মান্নান বলেন, কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুতে উপমহাদেশের সংগীত জগত থেকে এক উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়লো। জননন্দিত এই কণ্ঠশিল্পীর বিশাল কীর্তির জন্য তিনি ভারতীয় উপমহাদেশসহ সারা পৃথিবীর বাংলা ও হিন্দি ভাষাভাষী মানুষের মনে চিরভাস্বর হয়ে থাকবেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘লতা মঙ্গেশকর দীর্ঘ ৭০ বছর উপমহাদেশের সংগীতপ্রেমিদের সুরের মায়াজালে বেঁধে রেখেছিলেন। হিন্দি ও বাংলাসহ ভারতের ৩৬টি ভাষায় গান গেয়ে কোটি কোটি শ্রোতার হৃদয়ের রানী হয়েছিলেন তিনি। এক হাজারের বেশি চলচ্চিত্রে ১০ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়ে অনন্য রেকর্ড করেছেন সংগীতের এই কিংবদন্তি। সুরসম্রাজ্ঞী লতাজী হাজার বছর বেঁচে থাকবেন সংগীতমোদীদের অন্তরে। লতাজী সংগীত ভূবনে অতুলনীয় হয়েই থাকবেন।’ উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি লতা মঙ্গেশকরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলা ভাষাসহ দক্ষিণ এশিয়ার ৩৬টি ভাষা এবং পৃথিবীর অন্যান্য বহু ভাষা ও ১০ হাজারের বেশি জনপ্রিয় গান গাওয়ার অসামান্য রেকর্ডের অধিকারী হয়ে তিনি সংগীতপ্রেমিদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।









