দুই শিশুরর জিম্মা চেয়ে জাপানি মা ডা. নাকানো এরিকোর আপিল আবেদনের বিষয়ে আগামী ১৩ ফেব্রুয়ারি রায়ের দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও আহসানুল করিম। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। অন্যদিকে বাবার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও ফাওজিয়া করিম ফিরোজ।
এর আগে ২০২১ সালের ২১ নভেম্বর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ মামলাটি চলমান প্রক্রিয়াধীন রেখে রায় প্রদান করেন।
হাইকোর্টের তার রায়ে জাপানি মা ডা. নাকানো ও বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান নাগরিক বাবা ইমরান শরীফের কাছেই বড় দুই কন্যা শিশুকে রাখার নির্দেশ দেন। একইসঙ্গে আদালত বলেন- জাপানি মা বছরে তিনবার বাংলাদেশে এসে ১০ দিন করে দুই শিশুর সঙ্গে থাকতে পারবেন।
এছাড়াও প্রতি মাসের দুই সপ্তাহ পর ভিডিও কলে শিশুরা মায়ের সঙ্গে কথা বলতে পারবেন বলেও রায়ে বলা হয়েছিল। দেশে থাকাবস্থায় মায়ের খরচ বাবাকেই বহন করতে বলেছেন আদালত। পাশাপাশি এরিকো নাকানোকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ইমরান শরীফকে নির্দেশ দেওয়া হয়। তবে ছোট আরেকটি কন্যা শিশুকে নিয়ে করা বাবার রিট খারিজ করে দিয়েছিলেন আদালত।









