রাজধানীর হাতিরঝিল লেকের পাড় থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছেন।
তিনি বলেন, হাতিরঝিল মহানগর প্রজেক্ট গেইটের বিপরীতে লেকের পারে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতরে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যা শিশুটিকে পাওয়া যায়, যার বয়স আনুমানিক একদিন। তার শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কে বা কারা নবজাতকটি ফেলে রেখে গেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।









