চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতার বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা নিপুণ আক্তারের আপিলের ওপর আগামীকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) শুনানির দিন নির্ধারণ করেছেন চেম্বার জজ আদালত।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৮ জানুয়ারি, যার ফল এসেছে পরদিন ২৯ জানুয়ারি। গত ৫ ফেব্রুয়ারি সেই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত জানায় নির্বাচনি আপিল বোর্ড।
তবে এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ খান। গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) আপিল বোর্ডের এই সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এক সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার হাইকোর্টের সেই আদেশের বিপক্ষে আপিল করেন এরই মধ্যে সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেওয়া চিত্রনায়িকা নিপুণ আক্তার।









