ঢাকার দক্ষিণ মুগদা থেকে মো. আলী ফাহিম (২৪) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে মুগদা থানা পুলিশ।
মৃত ফাহিম নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী গ্রামের আজিজুল করিমের ছেলে।
এক শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, এমন খবর পেয়ে শনিবার রাত সাড়ে সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। ওয়াবদা গলির ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মুগদা থানার উপ-পরিদর্শক এসআই আকরামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফাহিম। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
মৃতের বাবা আজিজুল করিম জানান, ফাহিম কমলাপুর আইসিডিতে দিনমজুরের কাজ করতো। তার দুই মাসের এক ছেলে সন্তান রয়েছে। স্ত্রীসহ দক্ষিণ মুগদার একটি ভাড়া বাসায় থাকতো।
আজিজুল করিম জানান, গতকাল সন্ধায় তার স্ত্রী বাইরে যায়। ফিরে এসে ফাহিমকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ও পুলিশকে খবর দেয়।
ফাহিমের সংসারে অভাব-অনটন লেগে থাকতো বলে জানিয়েছেন আজিজুল করিম।









