দেশের সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। এই দাবিতে সার্চ কমিটির কাছে সংগঠনটি থেকে চিঠিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রানা দাশগুপ্ত বলেন, ‘বাংলাদেশের বিদ্যমান ভোটারদের মধ্যে অন্তত ১২ শতাংশ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। পূর্বে গঠিত নির্বাচন কমিশনগুলোতে এ সম্প্রদায়ের কোনও প্রতিনিধিত্ব না থাকায় নির্বাচনের পূর্বাপর সময়কালের পরিস্থিতি যেমনভাবে তাদের বিবেচনায় আসেনি, তদ্রূপ অন্তর্বর্তীকালীন পর্যায়েও নির্বাচনের তারিখ ও সময়সূচি নির্ধারণে তারা এদের ধর্মীয় অনুভূতিকেও বিবেচনায় আনতে ব্যর্থ হয়েছেন। যে কারণে অনভিপ্রেত পরিস্থিতিরও মুখোমুখি হতে হয়েছে গোটা দেশ ও জাতিকে, যা কারও কাম্য নয়। আমরা এ অবস্থার অবসান চাই।’
রানা দাশগুপ্ত বলেন, ‘আজকের এ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা অনুসন্ধান কমিটি এবং রাষ্ট্রপতির কাছে আকুল আবেদন জানাই, নির্বাচন কমিশনে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষ থেকে একজন যোগ্য প্রতিনিধি যাতে অন্তর্ভুক্ত হতে পারে, সে বিষয়টিকে যথাযথ বিবেচনায় নিয়ে তাদের যেন প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও প্রমুখ।









