বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানুষের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি ব্র্যান্ডগুলোর মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে বলে মনে করে ভারতের হানসা রিসার্চ গ্রুপ। তাই 'বিপিএলওম্যানিয়া' নামক জরিপটি ব্র্যান্ডগুলো নিয়ে চমকপ্রদ ‘ইনসাইট’ প্রদান করবে, যা খেলা চলার সময়ে ব্র্যান্ডগুলো ব্যবহার করতে পারবে এবং এ সময়ে তারা বিজ্ঞাপন বাবদ যে পরিমাণ অর্থ খরচ করে তার বিপরীতে যে আরওআই আসবে সেটাও হিসাব করতে পারবে বলে মনে করে প্রতিষ্ঠানটি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটি জানায়, এক দশকেরও বেশি সময় ধরে হানসা রিসার্চ গ্রুপ ‘আইপিএলওম্যানিয়া’র মাধ্যমে ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’ (আইপিএল) চলাকালীন ব্র্যান্ডগুলোর কার্যক্রম পর্যালোচনা করে এ ব্যাপারে নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে আইপিএলওম্যানিয়া ভারতীয় ব্র্যান্ড ও মার্কেটারদের কাছে বেশ বিশ্বস্ত হয়ে ওঠে। বিশেষ করে, জনপ্রিয় এ আসরে ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপন কোন মাধ্যমে খরচ করলে ভালো ফল আসবে তা বুঝতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আইপিএলওম্যানিয়া ভারতে যতটুকু সফলতা অর্জন করেছে, তেমনিভাবে বাংলাদেশেও বিপিএলওম্যানিয়া সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে হানসা রিসার্চ গ্রুপ।
প্রতিষ্ঠানটি জানায়, বিপিএলওম্যানিয়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও কুমিল্লা এ ছয়টি শহরে জরিপ পরিচালনা করবে। তিন থেকে চার সপ্তাহের মধ্যে ২ হাজার ৪০০ উত্তরদাতাদের কাছ থেকে মতামত নিয়ে এ জরিপটি পরিচালনা করা হবে। সিএপিআই পদ্ধতি ব্যবহার করে এ সাক্ষাৎকারগুলো মুখোমুখি নেওয়া হবে।
এ জরিপের কাজ শুরু করা প্রসঙ্গে হানসা রিসার্চের সিইও প্রবীণ নিজহারা বলেন, “বাংলাদেশে বিপিএলওম্যানিয়া জরিপের কাজ শুরু করতে পেরে আমরা আনন্দিত। বৈশ্বিক মহামারি চলার সময়ে বিপিএল নিয়ে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসে একটুও ভাটা পড়েনি বরং তারা টিভি’র সামনে বসে বিপিএল’র খেলাগুলো উপভোগ করছে। বড় বড় খেলার আসরগুলোতে বিজ্ঞাপন বিপণন বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে; আমরা দেখতে পারছি অনেক ব্র্যান্ড এ ধরনের আয়োজনের সঙ্গী হচ্ছে। এটি বাংলাদেশের বেলায়ও সত্যি; কারণ এখানে অনেকগুলো ব্র্যান্ড বিপিএল'র সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে। প্রতিটি ব্র্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো—তার ব্র্যান্ডটি দর্শকদের মনে কতটুকু প্রভাব ফেলছে তা জানা। বিপিএলওম্যানিয়া এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর ও ইনসাইট ব্র্যান্ডগুলোকে প্রদান করে। বিপিএলওম্যানিয়া খুব শিগগিরই বাংলাদেশে খেলাধুলা সংক্রান্ত বিজ্ঞাপনের বাজারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি।”









