কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন রাজনৈতিবিদ এবং শিক্ষাবিদরা।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এ দাবি করা হয়।
সভায় বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মামলাগুলো মূলত শিক্ষার্থীদের ভয় ও আতঙ্কে রাখার জন্য চার বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। মামলাগুলো হয়রানিমূলক।
তিনি বলেন, এই সকল মামলায় শিক্ষার্থীরা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আদালতে ঘুরে নষ্ট করছে। তাদেরকে মামলাগুলো থেকে রেহাই দেওয়া দরকার। তা না হলে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।
সভায় গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, বছরের পর বছর পেরোলেও এসব মামলার সুরাহা হচ্ছে না। কালক্ষেপণ না করে সবাইকে একটা কমন প্লাটফর্মে এসে এর বিরুদ্ধে নামতে হবে।
সভায় শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক এক ভিডিও বার্তায় বলেন, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উদ্দেশ্য খারাপ ছিল না। তারা ন্যায়সঙ্গত আন্দোলন করেছিলো। সরকার শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত দাবিগুলো মেনেও নিয়েছে। তবে মামলাগুলো এখনও চলছে। শিক্ষার্থীদের দ্রুত মামলা থেকে অব্যাহতি দেওয়া দরকার।
সভায় গণফোরামের একাংশের নেতা জগলুল হায়দার আফ্রিক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংগঠক দিদারুল আলম ভূঁইয়া, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এ পি এম সুহেল, জাতীয় জনতার জোটের সমন্বয়ক দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।









