শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে বিবাদীদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজিবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. তানভির আহমেদ।
এর আগে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠান আইনজীবী মো. তানভির আহমেদ। সে নোটিশের জবাব না পেয়ে ২০১৯ সালের ৩ মার্চ প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি।
ওই রিটের শুনানি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনে সংশ্লিষ্ট বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পাশাপাশি মশা নিধনে কেন জরুরি পদক্ষেপ গ্রহণ করা হবে না, রুলে তাও জানতে চেয়েছিলেন আদালত। মামলার বিবাদী বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় সচিব, বেসরকারি বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বিমানবন্দর সংলগ্ন ওয়ার্ড কমিশনারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছিলো।
২০১৯ সালের ১২ মার্চ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত তৎকালীন হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেছিলেন।









