২০২০-২০২১ অর্থবছরে বন্দোবস্তপ্রাপ্ত উপকার ভোগী ভূমিহীন পরিবারের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৯৭৬ জন। বন্দোবস্তকৃত কৃষি জমির পরিমাণ প্রায় ৪ হাজার ৫৪৮ একর। এছাড়া সারাদেশে মোট বন্দোবস্তযোগ্য কৃষি খাস জমির পরিমাণ প্রায় ৪ লাখ ৮৪ হাজার একর।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কৃষি খাসজমি ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভায় এসব তথ্য উঠে আসে।
এছাড়া সভায় আরও জানানো হয় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে উপকার ভোগী পরিবারের সংখ্যা ৬৬ হাজার ১৮৯টি।
সভায় দেশব্যাপী কৃষি খাসজমি বরাদ্দ ও ব্যবস্থাপনার অগ্রগতি মূল্যায়ন, দেশের শিল্পায়নের স্বার্থে কৃষি জমির ঊর্ধ্বসীমা শিথিলকরণ এবং নতুন সিটি করপোরেশনভুক্ত ও অন্যান্য নগর সংলগ্ন এলাকাসমূহের কৃষি জমি অকৃষি হিসেবে ঘোষণা প্রসঙ্গে আলোচনা হয়।
সভায় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মো. আব্দুল মজিদ খান, মনজুর হোসেন, মো. ফরিদুল হক খান, মো. মহিববুর রহমান, সেলিম আলতাফ জর্জ, রমেশ চন্দ্র সেন, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল প্রমুখ।









