তরুণদের বড় অংশই ‘সেলিব্রেটি লেখকদের’ বইয়ে আগ্রহী

আবিদ হাসান, ঢাবি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৮

অমর একুশে বইমেলা মানেই পাঠক, লেখক আর প্রকাশকদের মিলনমেলা। বিভিন্ন বয়সের পাঠক আসেন বইমেলায় নিজের পছন্দের বই ও প্রিয় লেখকের বই সংগ্রহ করতে। আগত পাঠকদের অধিকাংশই বয়সে তরুণ। তাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে থ্রিলার, উপন্যাস, অনুবাদ সাহিত্য ও নতুন লেখকদের বই। 

সংশ্লিষ্টরা বলছেন, ইদানীং এই তরুণদের একটি বড় অংশই বইমেলায় আসেন বিভিন্ন ফেসবুক সেলিব্রেটির বই কিনতে; যাদের বেশিরভাগই মূলত লেখক নন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে এমন বক্তব্যের প্রমাণ মিললো রাজধানীর মিরপুর থেকে বইমেলায় আসা এক তরুণের (নাম প্রকাশ করা হলো না) বক্তব্যে। পছন্দের বই সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আসলে বই তেমন পড়ি না। আমার প্রিয় একজন ফেসবুক সেলিব্রেটি বই লিখেছেন, সেই ভালোলাগা থেকে কিনলাম।’

প্রকাশকরা বলছেন, এই শ্রেণির তরুণ পাঠকরা আসলে ‘বই’ পড়েন না, ‘লেখক’ পড়েন। আর এধরনের পাঠকসমাজের কারণে অনেক সময় মূলধারার লেখকরা অবহেলিত হচ্ছেন। কেউ কেউ বলছেন, যারা মূলত পাঠক তারা মূল ধারার লেখকদের বই-ই কেনেন এবং পড়েন। আর যারা শুধু ফেসবুক সেলিব্রেটিদের বই কেনেন, তারা আবেগের জায়গা থেকেই কেনেন, অনেক সময় সেই বই পড়েনও না।

ভাষাচিত্র প্রকাশের প্রধান সম্পাদক খন্দকার সোহেল বলেন, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ, ইউটিউবাররা ইদানীং বই লিখছেন আর তাদের ফ্যান-ফলোয়াররা এসে বই কিনছেন। এমনফ্যান-ফলোয়ার যারা বই কেনেন, আমরা (প্রকাশক) তাদের সেভাবে মূল্যায়নও করি না।'

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকাশক বলেন, সেলিব্রেটিদের বইলেখায় দোষের কিছু নেই। তবে সেই বই কতটা মানসম্পন্ন সেটা বিবেচ্য। শুধু ফেসভেল্যুর কারণে বই বিক্রি বেড়ে যাওয়া, আর মূলধারার লেখকদের জ্ঞানগর্ভ বই অবহেলিত হওয়াটা দোষের। এসব পরিবর্তন করতে হলে শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাস গড়ে তুলতে হবে। এর দায়িত্ব পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকলের।

বাংলা প্রকাশের মার্কেটিং সিনিয়র এক্সিকিউটিভ নুরুন্নবী বলেন, ‘বইমেলায় সবধরনের পাঠকই আসেন, তবে স্কুল-কলেজের শিক্ষার্থী বিশেষ করে তরুণ পাঠকের সংখ্যাই বেশি। এই তরুণ পাঠকদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছে থ্রিলার, অনুবাদ সাহিত্য, উপন্যাস। এরমধ্যে একটি বৃহৎ অংশ তরুণ লেখকদের ভক্ত।’

বইমেলায় আগত পাঠকদের বড় অংশই তরুণ

তবে মূলধারার লেখকদের বই কেউই কিনছেন না- এমনটাও নয়। বইমেলার অপেক্ষায় থাকেন একটা পাঠকশ্রেণি, যারা বিভিন্ন প্যাভিলিয়নে গিয়ে খুটিয়ে খুটিয়ে দেখে বই কেনেন। এমনই একজন নারায়ণগঞ্জ থেকে আসা পাঠক সামিয়া তাসলিম। তিনি বলেন, ‘আমার উপন্যাস পড়তে ভালো লাগে। হুয়ামুন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আমার খুব পছন্দ। তবে নতুন লেখকদের লেখা কয়েকটি বইও এবার কিনেছি, দেখি তাদের লেখা কেমন লাগে!'

অনন্যা প্রকাশের মেলার প্যাভেলিয়ন ইনচার্জ ফারুক বলেন, ‘মেলায় তরুণ পাঠকদের সংখ্যাই বেশি আর তাদের পছন্দের তালিকার প্রথমে রয়েছে উপন্যাস। তরুণদের মধ্যে একটা অংশ আছেন, যারা বিভিন্ন ফেসবুক সেলেব্রিটির ভক্ত। তাই তার বই না কিনলে নয়, এমন ধারণা থেকে বই কেনেন। আসলে এরা শুধু আবেগের জায়গা থেকেই কেনেন, এগুলো তারা পড়েনও না। যারা আসলেই পাঠক তারা এধরনের বই খোঁজেন না, তারা মূলধারার লেখকদের বই কেনেন এবং পড়েন।'

আলোচনা সভা

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্বাধীনতার ৫০ বছর: বঙ্গবন্ধু-চর্চা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন আসলাম সানী, মুহাম্মদ মোজাম্মেল হক এবং মামুন সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ সামাদ।

প্রবন্ধ উপস্থাপনকালে অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন বলেন, 'বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা। তাই এ তিন ক্ষেত্রে অধ্যায়ন ও চর্চা একযোগে-সমানতালে হতে পারে; অভিন্ন প্রতিষ্ঠান কিংবা ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেও হতে পারে। হয়তো একজন সাধারণ মানুষের ঘরেই রয়েছে একটি মূল্যবান মুক্তিযুদ্ধের বা বঙ্গবন্ধু বিষয়ক উপাদান বা দলিল অথবা একজন সাধারণ নাগরিক সাহায্য করতে পারেন অসাধারণ ইতিহাস রচনায়। এজন্য প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সংযোগ দরকার। মনে রাখতে হবে এ কাজ কোনও একা ব্যক্তির পক্ষে সম্ভব নয়, এ বিশাল দায়িত্ব প্রত্যেক বাঙালির।’

নতুন বই

এদিন (২৩ ফেব্রুয়ারি) বইমেলায় নতুন বই এসেছে ১২২টি। এর মধ্যে গল্পের বই রয়েছে ১৩টি, উপন্যাস ২২টি, প্রবন্ধ ১৩টি, কবিতা ২২টি, গবেষণাগ্রন্থ পাঁচটি, ছড়ার বই ৩৩টি, ভ্রমণের বই চারটি, শিশুসাহিত্য দুটি, জীবনী দুটি, মুক্তিযুদ্ধের বই ১০টি, সায়েন্স ফিকশন দুটি, নাটকের বই একটি, বিজ্ঞানের বই চারটি, রাজনীতির বই তিনটি, চিকিৎসা বিষয়ক বই একটি, রম্যগল্প একটি, বঙ্গবন্ধু বিষয়ক একটি, অনুবাদ দুটি এবং অন্যান্য ১০টি।

/ইউএস/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম