যাত্রাবাড়ীতে একটি প্রতিষ্ঠানকে সয়াবিন তেল মজুত ও অধিক দামে বিক্রয় করার অপরাধে দুই লাখ টাকা জরিমানা ও সাময়িকভাবে সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (৫ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এই অভিযান পরিচালনা করেন। এসময় যাত্রাবাড়ীর ডিলার পয়েন্ট আবুল খায়ের ট্রেডার্সের ৬০ ব্যারেল ভোজ্যতেল জব্দ করা হয়।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, সরকার সবার সঙ্গে বসে সয়াবিনের প্রতি লিটারের দাম ১৪৩ টাকা নির্ধারণ করেছে। সেখানে কারসাজি করে প্রতি লিটারে বেশি টাকা রাখা হচ্ছে। তাদের কারসাজির কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা তথ্য নিচ্ছি।
আবুল কালাম আজাদ জানান, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। কেউ ভোজ্যতেল মজুত করতে পারবে না। সবার খোঁজ খবর নেওয়া হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মহানগরীর শ্যামবাজারে বাজার মনিটরিং টিম পেঁয়াজের ওপর অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে দুটি প্রতিষ্ঠানকে পেঁয়াজের ক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে ৪৫ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদেরকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কমিটির সঙ্গে আলোচনা করে দিকনির্দেশনা প্রদান করা হয়। সকল ব্যবসায়ীদের ক্রয়ের রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।









