‘অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া’, ‘ব্যভিচার’ ও ‘মানহানি’র অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিভিশন আবেদন করেছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।
রবিবার (৬ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে আবেদনটি করা হয়। আদালত মামলাটি শুনানির জন্য আগামী ১ আগস্ট দিন ধার্য করেছেন।
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।একই সঙ্গে তামিমার মাকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। এর ফলে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়।
এর আগে, গত ২৪ জানুয়ারি আসামিদের পক্ষের আইনজীবী কাজী নজীব উল্যাহ হিরু মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপর দিকে এর বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৯ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন।
এর আগে, গত ৩১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম আসামিদের জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমের বিরুদ্ধে প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের মিজানুর রহমান। মামলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ওই দিন পিবিআইয়ের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম আসামিদের আদালতে তাদের হাজির হওয়ার নির্দেশ দেন।
প্রতিবেদনে ‘তাদের বিয়ে বৈধ উপায়ে হয়নি’ বলে উল্লেখ করে পিবিআই। তাতে আরও বলা হয়, তামিমা ও রাকিব হাসানের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তাম্মি ক্রিকেটার নাসিরকে বিয়ে করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত বছরের ৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে তাম্মির সাবেক স্বামী মো. রাকিব হাসান মামলাটি দায়ের করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে মামলাটি পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন।









